বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয় অধ্যায়-৮ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক রূপান্তর [Cultural Heritage and Modren Transforations]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অনার্স ১ম বর্ষের Honours 1st year শিক্ষার্থীদের জন্য আজকের বিশেষ আয়োজনে থাকছে "বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়" (History of Bangladesh: Language, Culture & Identity) বিষয়ের অধ্যায়-৮ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক রূপান্তর -এর সম্পূর্ণ গাইড পিডিএফ।
পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলো উত্তরসহ সাজিয়েছি। যারা অনার্স ১ম বর্ষের এই বিষয়ের অধ্যায়-৮ এর গাইডটি অনলাইনে পড়তে বা পিডিএফ (PDF) ডাউনলোড করতে চান, তাদের জন্য পোস্টের একদম শেষে ডাউনলোড লিংক দেওয়া হয়েছে। চলুন, মূল আলোচনায় যাওয়ার আগে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক।
প্রশ্ন ৷৷৮.০১৷৷ বাঙালির সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কে আলোচনা কর।
উত্তর : ভূমিকা : বাঙালির সংস্কৃতি কোনো নির্দিষ্ট সময়ে গড়ে ওঠা স্থির সত্তা নয়; এটি দীর্ঘকালব্যাপী ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা, সামাজিক পরিবর্তন এবং বহিরাগত প্রভাবের সমন্বয়ে ক্রমাগত বিবর্তিত হয়েছে। নদীমাতৃক ভূপ্রকৃতি, উর্বর ভূমি, বহুধর্মীয় সমাজ এবং ভাষাতাত্ত্বিক চেতনা বাঙালির সংস্কৃতিকে দিয়েছে মানবিক, সহনশীল ও সমন্বয়বাদী রূপ। এই ধারাবাহিক রূপান্তরই বাঙালির সাংস্কৃতিক বিবর্তনের মূল বৈশিষ্ট্য। নিম্নে বাঙালির সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কে আলোচনা করা হলো :
১. ভৌগোলিক ও পরিবেশগত প্রভাব : বাঙালির সংস্কৃতি গঠনে বাংলার ভৌগোলিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার উর্বর পলিমাটি কৃষিনির্ভর জীবনব্যবস্থার জন্ম দেয়। নদী, বন্যা, বর্ষা ও ষড়ঋতু বাঙালির লোকসংস্কৃতি, গান, কবিতা ও বিশ্বাসে গভীর প্রভাব ফেলে। সহজ-সরল জীবনধারা, প্রকৃতির্নিভর উৎসব এবং সামষ্টিক মানসিকতা এই পরিবেশ থেকেই উৎসারিত।
২. প্রাচীন যুগে বাঙালির সাংস্কৃতিক ভিত্তি : প্রাচীন বাংলায় বাঙালির সাংস্কৃতিক জীবনের মূল ভিত্তি ছিল গ্রামকেন্দ্রিক সমাজব্যবস্থা। আদিবাসী, আর্য ও দ্রাবিড় উপাদানের সংমিশ্রণে ধর্মীয় বিশ্বাস, সামাজিক আচার ও লোকজ সংস্কৃতি গড়ে ওঠে। বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রভাব শিক্ষা, সাহিত্য ও শিল্পকলায় প্রতিফলিত হয়। পাল যুগে বৌদ্ধ শিক্ষা ও শিল্পকলার বিকাশ এবং সেন যুগে ব্রাহ্মণ্য সংস্কৃতির বিস্তার বাঙালির সাংস্কৃতিক কাঠামোকে দৃঢ় করে।
৩. মধ্যযুগে ধর্মীয় সমন্বয় ও সাংস্কৃতিক রূপান্তর : মধ্যযুগে ইসলাম আগমনের ফলে বাঙালির সংস্কৃতিতে এক মৌলিক রূপান্তর ঘটে। হিন্দু ও মুসলিম সংস্কৃতির সহাবস্থানে একটি সমন্বিত সাংস্কৃতিক ধারা গড়ে ওঠে। সুফি-দরবেশদের মানবতাবাদী দর্শন, পীর-মাজার কেন্দ্রিক লোকবিশ্বাস এবং বৈষ্ণব আন্দোলনের ভক্তিভাব বাঙালির সাহিত্য ও সংগীতকে গভীরভাবে প্রভাবিত করে। বাংলা ভাষা এই সময় সাধারণ মানুষের ভাষা হিসেবে প্রতিষ্ঠা পায় এবং কাব্য, গীত ও সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে।
৪. লোকসংস্কৃতির বিকাশ : বাঙালির সাংস্কৃতিক বিবর্তনে লোকসংস্কৃতি একটি মৌলিক উপাদান। পালাগান, জারি-সারি, ভাটিয়ালি, বাউল সংগীত, নকশিকাঁথা, পটচিত্র এবং গ্রামীণ উৎসব বাঙালির জীবনদর্শনের প্রতিফলন। এই লোকসংস্কৃতিতে ধর্মীয় সংকীর্ণতার চেয়ে মানবতা, প্রেম ও প্রকৃতির প্রতি অনুরাগ বেশি গুরুত্ব পায়, যা বাঙালির উদার সাংস্কৃতিক মানসিকতার পরিচায়ক।
৫. ঔপনিবেশিক যুগ ও বাঙালির নবজাগরণ : ব্রিটিশ শাসনামলে পাশ্চাত্য শিক্ষা ও চিন্তাধারার প্রভাবে বাঙালির সংস্কৃতিতে আধুনিকতার সূচনা হয়। সমাজ সংস্কার, নারী শিক্ষা, সংবাদপত্রের বিকাশ এবং সাহিত্যচর্চা নতুন গতি পায়। বাঙালি নবজাগরণ বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করে। সাহিত্য, নাটক ও চিত্রকলায় মানবতাবাদ, যুক্তিবাদ ও জাতীয়তাবাদের বিকাশ ঘটে, যা বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করে।
৬. ভাষা আন্দোলন ও সাংস্কৃতিক আত্মপরিচয় : ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির সাংস্কৃতিক বিবর্তনের এক ঐতিহাসিক মোড়। মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম বাঙালির সংস্কৃতিকে রাজনৈতিক চেতনার সঙ্গে যুক্ত করে। বাংলা ভাষা, সাহিত্য, গান ও শিল্পকলা হয়ে ওঠে প্রতিরোধ ও আত্মপরিচয়ের প্রধান মাধ্যম। এই আন্দোলন বাঙালির সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সুদৃঢ় করে।
৭. মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-উত্তর সংস্কৃতি : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির সংস্কৃতিতে স্বাধীনতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা যুক্ত করে। যুদ্ধকালীন গান, কবিতা, নাটক ও চিত্রকর্ম সাংস্কৃতিক সংগ্রামের অংশ হয়ে ওঠে। স্বাধীনতার পর মুক্ত চিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা বাঙালির সংস্কৃতিকে নতুন দিগন্তে নিয়ে যায়।
৮. সমকালীন যুগে বাঙালির সাংস্কৃতিক রূপ : বর্তমান যুগে বিশ্বায়ন, প্রযুক্তি ও গণমাধ্যমের প্রভাবে বাঙালির সংস্কৃতি বহুমাত্রিক রূপ ধারণ করেছে। ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি ও আধুনিক নগর সংস্কৃতির সহাবস্থান দেখা যায়। চলচ্চিত্র, সংগীত, সাহিত্য ও ডিজিটাল মাধ্যম বাঙালির সংস্কৃতিকে বিশ্বমুখী করলেও ভাষা, উৎসব ও ঐতিহ্য এখনও বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাঙালির সাংস্কৃতিক বিবর্তন একটি ধারাবাহিক, সমন্বয়বাদী ও গতিশীল প্রক্রিয়া। বহিরাগত প্রভাব গ্রহণ করেও বাঙালি তার ভাষা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রেখেছে। এই ঐতিহাসিক বিবর্তনের মধ্য দিয়েই বাঙালি সংস্কৃতি আজ এক সমৃদ্ধ, বৈচিত্র্যময় ও জীবন্ত ঐতিহ্যে পরিণত হয়েছে।
প্রশ্ন ৷৷৮.০২৷৷ বাঙালি সংস্কৃতির উৎসগুলো লেখ। অথবা, বাঙালি সংস্কৃতির উৎসগুলো আলোচনা কর।
উত্তর :ভূমিকা : সংস্কৃতি হলো কোনো জাতির আয়নারস্বরূপ। সমাজের মানুষের সার্বিক কর্মকাণ্ডের সমষ্টিই সংস্কৃতি। প্রত্যেক জাতির স্ব স্ব সংস্কৃতির মধ্যে বৈচিত্র্য রয়েছে; যেমন- হিন্দু সংস্কৃতি, ইংরেজি সংস্কৃতি, চায়না সংস্কৃতি ইত্যাদি। বিভিন্ন সংস্কৃতির বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের বাঙালি সংস্কৃতির ধারাও এরূপ বৈচিত্র্যময়। বাঙালি সংস্কৃতির উৎস ও ভিত্তি ছিল অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয় ও জ্ঞানবিজ্ঞান। আর বাঙালির মনে এবং আত্মশুদ্ধিতে সংখ্যা ও যোগতন্ত্রের প্রভাব প্রবল। সর্বপ্রাণবাদে তথা জড়বাদে এবং যাদুবিদ্যায় আস্থা, অবচেতন ও নিঃসঙ্গ মনে ক্রিয়াশীল থেকেছে চিরকাল। বৃক্ষ দেবতা, নারীদেবতা, পশুদেবতা, দেহচর্যা ও জন্মজন্মান্তরে বিশ্বাস তাদেরই সৃষ্টি। নিম্নে সংস্কৃতির উৎস বাঙালির ভিত্তি আলোচনা করা হলো :
বাঙালি সংস্কৃতির উৎস ও ভিত্তি : বাঙালির সংস্কৃতি বৈচিত্র্যময়। বাঙালি বিদেশি, বিজাতি, বিধর্মীয় সংস্কৃতি আঁকড়ে ধরেছে আর তাদের সংস্কৃতির সাহায্যেই নিজেদের সংস্কৃতি গড়ে তুলেছে। নিম্নে তা আলোচনা করা হলো :
১. আদিম সংস্কৃতির মিশ্রণ : প্রাচীন কালের মানুষের নানারকম বিশ্বাসের মধ্য দিয়ে বিভিন্ন সংস্কৃতি গড়ে উঠেছে। যেমন তারা সর্বপ্রাণবাদে এবং জাদুতে আস্থা অবচেতন ও নিঃসঙ্গ মনে ক্রিয়াশীল থেকেছে। চিরকাল বৃক্ষ, দেবতা, নারীদেবতা, পশুপাখি দেবতা, দেহ চর্যা ও জন্মান্তরে বিশ্বাস তাদেরই সৃষ্টি। তুক-তাক, যাদু-টোনা, ঝাড়-ফুঁক, বান, উচাটন, কবচ-মাদুলী এবং বশীকরণের প্রাচীন আস্থা আজও বাঙালির মধ্যে অবিকল। সভ্য বাঙালির অস্ট্রিক, মঙ্গোলীয়, জাতি, পার্বত অরণ্য, কৌম কোল, সাঁওতাল, ওঁরাও, রাজবংশী, গারো, হাজং, খাসিয়া, মণিপুরী, লুসাই, নাগা, মিজো, খুমি, ত্রিপুরা, মুরঙ, কুকী, কোচ প্রভৃতি যেগুলো নিয়মনীতি চালু রয়েছে তাদের অনেকগুলোই ভিন্নাকারে বা সামান্য রূপান্তরে সভ্য বাঙালির প্রথাসিদ্ধ আচারে রয়ে গেছে আমাদের ঘরোয়া ও সামাজিক অনেক আচার-অনুষ্ঠানে। যেমন- প্রথা, পার্বণে, মৃতের সঙ্কারে, শ্রাদ্ধে, বিশ্বাসে ও সংস্কারে ইত্যাদির আদিম রীতিনীতির প্রভাব আজও বিদ্যমান।
২. মূলগত অপরিবর্তন : মানুষ চেষ্টা করেও তার সংস্কৃতি ভুলতে পারে না, বরং যুগে যুগে তার অনেক কিছুই টিকে থাকে তেমনি জৈন, ব্রাহ্মণ, বৌদ্ধ, খ্রিষ্ট এবং ইসলাম ধর্ম গ্রহণ করার পরও বাঙালি তার আদিম ঐতিহ্য কখনোই পুরোপুরিভাবে ছেড়ে দিতে পারেনি। তাই গাছের মধ্যে বট, অশ্বত্থ, তাল, তেঁতুল; পাখির মধ্যে কাক, পেচক, শকুন, শালিক প্রভৃতি। পশুর মধ্যে গাভী, শেয়াল; সরীসৃপের মধ্যে সাপ, টিকটিকি; নৈসর্গিক তিথি নক্ষত্র দিন-ক্ষণ-মাস; অশরীরী ভূত-প্রেত পিশাচ (জিন-পরী) ডাইনি প্রভৃতি বাঙালি চেতনায় রোগের চিকিৎসায়, শুভাশুভ চিন্তায় এবং সিদ্ধি সাফল্য কামনায় আজও উপযোগী হয়। এমনকি আচারিক জীবনে ধান, দূর্বা, হলুদ, আম পাতা, কলা গাছ, কলসি, বট, কুলো, দীপ, ধূপ, মাছ, দই জীবনে বহুসিদ্ধির শ্রদ্ধা জাগায়। ওলা-শীতলা, ষষ্ঠী কিংবা সাপ, হাতি, বাঘ, কুমির আজও সবার শ্রদ্ধা পায়।
৩. নৈতিক, সামাজিক ও সংস্কৃতি : নৈতিক ও সামাজিক জীবনে গোত্র বিবাহ, বহু বিবাহ, অগোত্রীয় বিবাহ, বাল্যবিবাহ, অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, ত্যাগ, তালাক প্রভৃতি বিধিনিষেধ ও আদিম গোত্রপতি, সমাজপতি এবং গৃহপতির দাপট ও নেতৃত্ব আজও নিম্নস্তরের সমাজে অবলুপ্ত গুরুবাদের মনস্তুষ্টি সর্ব সমাজে আজও প্রবল। প্রাচীনকাল হতে বাংলার সমাজে পরিবারের পিতৃতান্ত্রিক সংস্কৃতি চালু ছিল। একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করত। পরিবারের প্রধান কর্তাদের মধ্যে পুরুষ এখনো বাংলার গ্রামাঞ্চলে এ সংস্কৃতি এখনো পুরোপুরিই বিদ্যমান। এমনকি গ্রামাঞ্চলে আজও বহুবিবাহের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।
৪. অস্ত্রের ব্যবহার : বাঙালি কৃষক সমাজে বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার দর্শনীয়। এ হাতিয়ারের মধ্যে লাঙ্গল, জোয়াল, ফাল, হর্ষ, দা, দড়ি, মই, কোদাল, বর্শা, বাটুল, ঝুড়ি, চুপড়ি, চেঙাড়ি, ডিঙি, ডোঙ্গা, তৈজস; আসবাবপত্রের মধ্যে হাঁড়ি, সরা, পাতিল, ঝিনুক, ডাবা, (নারিকেলের মালা) মাচা, নল, পাটিঘাটি, চাটাই, চাট, ঝাঁটা বা ঝারি প্রভৃতি। নেশার মধ্যে গাঁজা, ঘোল, মদ, চরস, সিদ্ধি প্রভৃতি ধান, বেগুন, ঝিঙা, কলা, তাম্বুল, গুবাক, গাম্ভারী, জাম্বুরা, শিমুল, তেঁতুল প্রভৃতি অস্ট্রিক, দ্রাবিড় মঙ্গোলীয় বাঙালির আবিষ্কৃত। মঙ্গোলীয় মাঝে অধিকাংশের ব্যবহার পরিলক্ষিত হয়, যা বাঙালি ফসল উৎপাদনে, কৃষিকাজের জন্য এবং বিভিন্ন ধরনের কার্যসম্পাদনে ব্যবহার করে।
৫. খাদ্যের সংস্কৃতি : বাঙালিদের খাদ্যদ্রব্যের অধিকাংশ উৎপাদন শুরু হয় প্রাচীনকাল হতে। যেমন- ধানের জিজিরা, ককচি, বাদল, গুরই, লেহুর, গেলঙ, মইদল প্রভৃতি এবং মাছের মধ্যে পুটি, টেংড়া, শিং, শোল, গজার, কই, মাগুর, টাকি, পাঙাস প্রভৃতি অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয়দের দেওয়া খাদ্যেরই নাম। খাদ্য বস্তুর মধ্যে আরো গুড়, ভাত, মাড়, খই, চিড়া, মুড়ি, ভর্তা, আচার প্রভৃতির অস্ট্রিক হওয়ার কথা। আর প্রাচীনকালের সে খাদ্যাভ্যাস আজও বাঙালিরা অনুসরণ করে। সুতরাং খাদ্যাভ্যাসও ছিল প্রাচীনকালে অনুকরণের একটি সংস্কৃতি।
৬. জীবনধারা পরিবর্তন : বাঙালির জীবন বিভিন্ন সময় বিভিন্ন ধারায় প্রভাবিত হয়। আর এ কারণে জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়েছে। বাট্টা, পন, গণ্ডা কুড়ি, বাহন, গণনা, পদ্ধতিগুলো হলো অস্ট্রিকদের। এমনকি কয়েকশত শব্দ চিল, চাক, ঢোল, ডাম্বর, ডাশাল, ডাহা, খামার খড়, আড্ডা, লাড্ডু প্রভৃতি অস্ট্রিক সংস্কৃতির স্মারক। এসব ছাড়াও আরো ধর্মমত সূত্রে, প্রশাসনিক ব্যবস্থা পদ্ধতি সূত্রে, বিদেশীয় জ্ঞান ও চিন্তা এবং দেশের আবিষ্কৃত ও উদ্ভূত দ্রব্য এবং ভাবচিন্তার নাম ও ব্যবহার সম্মুখে আচার, সংস্কৃতি, অনুকৃতি, অনুসৃতির মাধ্যমে বাঙালির সংস্কৃতিকে বদ্ধ ও রূপান্তরিত করেছে। যেমন- জৈন, বৌদ্ধ, শাস্ত্রীয়, চিন্তাহেতনা এবং আচার-আচরণ এক সময় জৈন, বৌদ্ধ বাঙালির প্রাত্যহিক জীবন নিয়ন্ত্রণ করেছে। পরবর্তীকালে ব্রাহ্মণ শাস্ত্র ও জীবনদর্শন কিংবা ইসলাম এবং খ্রিষ্টান শাস্ত্র বাঙালির জীবনকে প্রভাবিত করেছে।
৭. বাঙালি সংস্কৃতি অক্ষুণ্ণতা : বাঙালির সংস্কৃতিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে বিদেশি সংস্কৃতি। ব্রিটিশ আমল থেকে প্রাচ্যবিদ্যা ও সংস্কৃতির প্রভাবে ব্যবহারিক জীবনে শিক্ষিত ব্যক্তিরা অনেকগুলো ইউরোপীয় আচার-আচরণ ব্যক্তিক, ঘরোয়া এবং সামাজিক জীবনে গ্রহণ করেছে, তবুও স্বাতন্ত্র্য চেতনা হারায়নি। পাক প্রণালিতে খাদ্যখাদ্য নিরূপণে তামা-পিতল ও মাটির থালা বাসন, গ্লাসের ব্যবহার, ঘর পোশাক-পরিচ্ছদে, মসজিদ মন্দির, গির্জার আঙ্গিক স্বাতন্ত্র্যে ও পার্থক্য সুপ্রকট হয়ে আছে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলাদেশ এমনই একটি ভূ-খণ্ড যার অধিবাসীরা বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মীয়, বিভিন্ন সংস্কৃতি গ্রহণ করেছে। আমরা এর আগে জানতে পেরেছি বাঙালিরা ছিল ধর্মীয় সহনশীলতাপূর্ণ একটি সুমহান জাতি। যার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতি তাদের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আমাদের বাঙালি সংস্কৃতির উৎস ও ভিত্তি জানতে হলে এবং আমাদের পরিচয় নিতে হলে ভূ-পলিটিক্যাল পরিবর্তনের কথাও জানতে হবে। এ ভূখণ্ডে রাজা, রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন যুগে যুগে কিভাবে হয়েছে, প্রাচীন কাল থেকে আজকের বাংলাদেশ কিভাবে প্রতিষ্ঠা হলো তার ইতিহাস জানতে হবে। জাতি পরিচয়ে আমরা অস্ট্রিক ও মঙ্গোলীয়দের বংশধর তা স্বীকার করতেই হবে। আর আমাদের সংস্কৃতির ভিত্তিও এখানেই সু-প্রতিষ্ঠিত।
